মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

কবিতার প্রশ্ন



কবিতার প্রশ্ন
জাফর পাঠান

আমি কবিতা বলছি –
তামাম জনতার কাছে- একটি প্রশ্ন শুধু আমার
আমি কি আমার নাকি ঐ সাম্রাজ্যবাদীদের ধামার?

ওদের ঐ হুমকিতে -
বন্ধ করে রাখবো আমার চোখ- দেখবোনা শোষণ
বন্ধ করে রাখবো আমার কান- শুনবোনা ক্রন্দন!
আমি কি রুদ্ধ করে রাখবো আমার স্বাধীন বিবেক?
মানুষের ঐ মৌলিক দাবীকে কি বলবো অতিরেক?

অদৃশ্য কোনো আদেশে -
বিবেকতাড়িত হয়ে আমি পক্ষ নেই- মানবতার
অবচেতন মন আমার জাগিয়ে তোলে ধর্মাবতার,
সহ্য হয়না আমার- নিরন্ন বস্রহীনদের কান্না
মাথা গোঁজার একটু ঠাই, ক্ষুধা মেটানোর তামান্না।

ধরণীর চরাচরে -
খুনির হিংস্র ছোবলে- নীলকন্ঠ সারি সারি লাশ
বুলেট-বোমা-রাসায়নিক মারণাস্ত্রের অভিলাষ!
বিকৃত সদ্যজাত শিশু, বিকলাঙ্গ জ্বলসানো মুখ
সহ্য হয়না এসব, তাই হই প্রতিবাদে উম্মুখ।

আমি কবিতা বলছি –
তামাম জনতার কাছে- একটি প্রশ্ন শুধু আমার
আমি কি আমার নাকি ঐ সাম্রাজ্যবাদীদের ধামার?