মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মুক্তবৃত্ত ছন্দ কবিতা : ঈদের সাথে আড়ি

ঈদের সাথে আড়ি


জাফর পাঠান


সন্ধায় ফিরে যখন- শূন্য থালা হাতে
কিসের ঈদ কিসের নিদ প্রশ্ন তাতে,
বসনহীন অভাবী- পেটে বাঁধে ক্ষুধা
ধুধু মরুভূমি হাহাকারের এক সুধা।


যাকাতের আশায়- মথিত অভিলাষ
কাপড় হাতে দাতার- অহম বিলাস,
ক্ষুধার্ত শিশু কোলে দুয়ারে দুয়ারে মা
ঈদের সাথে খিদের কি দিবো উপমা।


ঈদেও ওরা ক্ষুধায় দ্বারে দ্বারে ঘুরে
ক্ষুধা তাড়নায়- চোখ যায় যতদূরে,
পা টেনে টেনে যখন হাঁটে ধীর লয়ে
হৃদ ঘুরে- ঘূর্ণিপাকের দুখি বলয়ে।


দিয়েছি আমিও- ঈদের আনন্দ ছাড়ি
আড়ি নিয়েছি আড়ি ঈদের সাথে আড়ি।